ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ (২৬ জুন) নির্বাচনী প্রতীক পেয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তার নির্বাচনী প্রতীক একতারা। এই প্রতীক নিয়েই ভোটের মাঠে থাকবেন তিনি। হিরো আলম একতারা প্রতীক চেয়েছিলেন, সেটি তিনি পেয়েছেন। সকালে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচন হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসি ক্যামেরা।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বগুড়ার দুটি সংসদীয় আসনে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। ওই নির্বাচন করে ব্যাপক আলোচনায় চলে আসেন হিরো আলম।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।