নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশের ব্যাথা জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার(১১ অক্টোবর) রাত সাড়ে ১০ দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে তাকে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু সাংবাদিকদের জানান, গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যাথা অনুভব করছেন। আমরা প্রাথমিকভাবে এটা মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যাথা হয়েছে বলে ধারণা করছি। তবে তিনি এখন শংকামুক্ত আছেন। তারপরও তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে।