রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে ছিটকে পড়ে আহত হয়েছে তার শিশু। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে ইসিবি চত্বরে শুক্রবার সকাল ১০টার দিকে। রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হতভাগা নারীর নাম কুলসুম বেগম (৫৫)। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তিনি ঢাকার কোথায় থাকেন, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।
ওসি শাহান হক বলেন, পাঁচ থেকে ছয় বছরের এক শিশুকে নিয়ে ইসিবি চত্বর এলাকায় সড়ক পার হচ্ছিলেন কুলসুম বেগম। সেই সময় বসুমতী পরিবহণের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সেই সঙ্গে শিশুটি সড়কে ছিটকে পড়ে আহত হয়। শিশুটিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।