চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে রেল লাইনের পাশ থেকে গোলাম মোহাম্মদ (৬০) নামে এক সি এন্ড এফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮জুন) সকাল ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ স্কুলের পিছনে রেল লাইন থেকে লাশটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা নিহতের পরিবারের বরাতে জানান, গোলাম মোহাম্মদ গতকাল (সোমবার) সকালে হালিশহর ফইল্লাতলি এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্য বের হয়ে আর বাসায় ফিরেনি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের শালা। আজ সকালে রেলওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি ভাটিয়ারী রেললাইনে উনার লাশ পাওয়া গেছে।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করি। নিহতের দুটি পা ভাঙা এবং মাথায়ও আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। #