নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসওরোড এলাকা থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল (লোহার সাটার)সহ একটি ট্রাক উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। বুধবার বিকেলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার গোদনাইলের এসওরোড এলাকা থেকে এ মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্ত মো. আক্তার হোসেন (৩৫) ও মো. হৃদয় (২৫) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১১ ডিসেম্বর রাতে আদমজী ইপিজেডের নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই (লোহার সাটার) একটি ট্রাক ইপিজেড গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই অভিযুক্তরা মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে মো. দুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের একটি টহল টিম অভিযান পরিচালনা করে। এ অভিযানে তারা লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬ হাজার ৭শ’ টাকা।