নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ (৩৫)কে ঢাকার ডেমরার ডগাইর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সোমবার বিকেল সাড়ে ৩টায় র্যাব-১১’র সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ফিরোজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ বাতানপাড়া এলাকার নবী হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার দিন (২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর) ফিরোজ তার সঙ্গীদের নিয়ে গৃহবধূ সালেহা বেগমের ঘরে প্রবেশ করে গৃহবধূ ও তার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন আহত গৃহবধূ ও সন্তানদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিটাগাংরোড শুভেচ্ছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন এবং তার সন্তানদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মোঃ বাদশা মিয়া বাদী হয়ে ঐ দিনই সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-৪৩) দায়ের করেন। উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১র একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ফিরোজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামী আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।