নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং ইত্যাদি উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।