বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গত ৫২ বছরের মধ্যে বর্তমান সরকার দেশকে ভয়াবহ অবস্থার মধ্যে নিয়ে গেছে’। ‘সরকার ভয়ঙ্করভাবে স্বাধীনতাকে বিপন্ন করেছে। মানুষের জীবনকে বিপন্ন করেছে। দেশের অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে গেছে। এ সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই পার্লামেন্ট তথাকথিত নিশিরাতের পার্লামেন্ট। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই কাজগুলো ছাড়া দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা কাটবে না। এই রাজনৈতিক সংকট ভয়ঙ্কর সংকট। রাজনৈতিক সংকট ঘূর্ণিঝড় বা কালবৈশাখী থেকে তীব্র হতে পারে।’
‘বর্তমানে দেশের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ সরকারকে মহাবিপদে ফেলে দিতে পারে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিপদে ফেলতে চাই না। আপনারা স্ব-সম্মানে যেন প্রস্থান করতে পারেন এবং মানুষের কাছে ভুল স্বীকার করতে পারেন, সে সুযোগ আমরা দিতে চাই।’
তিনি বলেন, ‘মানুষকে মানুষের মতো বাঁচার সুযোগ দেওয়ার জন্য আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করেন। তা না হলে যে আন্দোলনের মুখোমুখি আপনি হবেন, গত ৫২ বছরে এমন আন্দোলন কেউ কখনো দেখেনি।’
সোমবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তেল, গ্যাস, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি’র দাবিতে ঢাকা মহানগর বিএনপির উত্তর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. মেজবাহ উদ্দিন খানের সভাপতিতে এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।