ভোলায় মানসিক ভারসাম্যহীন এক মায়ের (৩০) বিরুদ্ধে তাইয়েবা ইসলাম মাওয়া নামে দেড় বছরের শিশুকন্যাকে দুধ খাইয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় হত্যার কাজে ব্যবহার করা দাসহ অভিযুক্ত মা তানিয়া বেগমকে আটক করা হয়েছে।
নিহত শিশু তাইয়েবা ইসলাম মাওয়া ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. সবুজ সাজীর মেয়ে।
আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করার সময় উদ্ধার স্কুল শিক্ষিকা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে তানিয়া বেগম তার স্বামী সবুজ সাজীকে সকালের খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়।
পরে তানিয়া বেগম তার দেড় বছরের শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে বুকের দুধ খাওয়ান।
এর পর দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে স্থানীয়রা চিৎকার শুনে এসে গলাকাটা রক্তাক্ত শিশুটির লাশ ও লাশের পাশে তানিয়া বেগমকে দা নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা মডেল থানা পুলিশের পরিদর্শক মো. এনায়েত হোসেন জানান, আমরা খবর পেয়ে তানিয়া বেগমকে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেন। হত্যার কাজে ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।