লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ৫ জন চোরাকারবারিকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। থানায় এ ঘটনায় মোট ৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। যাদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক ও ২ জন বাংলাদেশি।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরের আটককৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার (৯ জানুয়ারি) উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকায় ১৫ বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলো- ভারতের কোচবিহার জেলার শিতলকুচি থানার গিতালদহ বড় মরিচা গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট (২০), ওই এলাকার ইনছার আলীর পুত্র জয়নাল (৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান (২০) ও হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শনিবার ভারত হতে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে চোরাকারবারিরা উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকার আমির হোসেন বাড়িতে অবস্থান করে। খবর পেয়ে ১৫ বিজিবির দইখাওয়া বিওপি’র সদস্যরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম সাংবাদিকদের জানান, রবিবার দুপুরের আটককৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা সবাই চোরাকারবারির সাথে জড়িত।