প্রথম রোজা থেকে লিটারপ্রতি ১০ টাকা দরে দুধ বিক্রি করবেন কিশোরগঞ্জের করিমগঞ্জের রৌহা গ্রামের সমাজকর্মী ও খামারি মো. এরশাদ উদ্দিন। নিম্ন আয়ের মানুষের মধ্যে তিনি এ বিক্রয় কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন। ২০২৩ সালের রমজানেও তিনি ১০ টাকা কেজি মূল্যে নিজের খামারের গাভীর দুধ বিক্রি করে আলোচনায় আসেন।
এমন উদ্যোগের কথা জানিয়ে ইতোমধ্যেই ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও দিয়েছেন এরশাদ। ঘোষণা অনুযায়ী প্রথম রোজা থেকে যে কেউ প্রতিদিন তার খামার থেকে ১০ টাকা লিটার দরে দুধ ক্রয় করতে পারবেন। তবে দুধ ক্রয় করতে পারবেন সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত।
ফেসবুক পোস্টে এরশাদ উদ্দিন উল্লেখ করেন, আসছে রমজানে প্রতিবছরের মতো এবারও ১০ টাকা লিটার দরে ৩০ রোজা পর্যন্ত প্রায় ২ টন দুধ সরবারহ করা হবে ইনশাআল্লাহ।
এরশাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, রমজান এলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে দুধ ১০০-১২০ টাকা পর্যন্ত লিটার বিক্রি হয়ে থাকে। এত দামে নিম্ন আয়ের মানুষের জন্য দুধ কিনে খাওয়া খুবই কঠিন হয়ে পড়ে।