রংপুর জেলার পীরগাছায় ট্রেনে কাটা পড়ে শারমিন বেগম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকালে পীরগাছা রেলস্টেশনের অদূরে লাইনের উপর ওই নারীর ত্রি-খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
শারমিন বেগম উপজেলার অনন্তরাম (কসাইটারী) গ্রামের শাহাদুল ইসলামের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন একটি ট্রেনে কাটা পড়েন ওই নারী।
পারিবারিক সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন দুই সন্তানের জননী শারমিন বেগম। বুধবার রাতে তিনি সবার অজান্তে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে নিহতের স্বামী জানান।
এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওয়াহেদ মণ্ডল বলেন, পীরগাছা স্টেশন ও শুকানপুকুরের (হ্যালিপ্যাড) মাঝামাঝি এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা যায়। রাতের কোন একটি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গতকাল রাতে সর্বশেষ ট্রেন হিসেবে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তাহার গেছে।
তিনি আরো জানান, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে লাশ উদ্ধার করবে।