পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী জোবেদা আক্তারের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন স্বামী আবুল কাশেম। এতে ঘটনাস্থলেই মারা যান দুই শিশুর মা জোবেদা। নিহত জোবেদা গৃহকর্মীর কাজ করতেন এবং আবুল কাশেম পেশায় রিকশাচালক। এ ঘটনায় স্বামী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারার সলমাইড পূর্বপাড়া আলামিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ জুন) দুপুরে জোবেদার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, জোবেদা স্বামী ও দুই শিশুকে নিয়ে সলমাইড পূর্বপাড়া আলামিনের বাসায় ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর তার স্বামী হচ্ছেন রিকশাচালক।
আরও পড়ুন- সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে ৭ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
এরপর বৃহস্পতিবার রাতে সংসারের নানা বিষয় নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এক পর্যায়ে স্বামী আবুল কাশেম বাসায় থাকা কুড়াল দিয়ে তার স্ত্রী জোবেদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার দুপুরে জোবেদার মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. সুমন মিয়া।