রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারধরের শিকার হয়ে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে এবং পেশায় একজন আইনজীবী ছিলেন।
ভাটারা থানার এসআই মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি ট্রলির ওপর থেকে নাঈম কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দিবাগত রাতে নাঈম কিবরিয়া একটি প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনার পর মোটরসাইকেল থেকে নেমে আসা আরোহীরা প্রাইভেটকারের চালক নাঈম কিবরিয়ার ওপর চড়াও হয। তারা তাকে কিল ও ঘুষি মারতে শুরু করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় নাঈম কিবরিয়াকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই মো. আরিফুল ইসলাম আরও জানান, নিহতের মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ বের হচ্ছিল। মুখ থেকে নেশা জাতীয় গন্ধ পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব বিষয় সত্ত্বেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।