লোভে পড়ে পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে ব্যবসা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার তার বাসভবনে ব্রিফিংকালে এ হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।
লোভে পড়ে রমজান মাসে জনগণকে জিম্মি করে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যদি কোনো ব্যবসায়ী জনগণকে জিম্মি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেবার মান মানসিকতা রেখেই ব্যবসায়ীদের ব্যবসা করতে হবে।
তিনি আরো বলেন, বাজারে যেকোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেননি এবং প্রশ্রয়ও দেবেন না। যেসব ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, ভবিষ্যতে থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এ সরকার। এরই মধ্যে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে। এ ব্যবস্থা জনস্বার্থে আরো সম্প্রসারণ করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী রমজান ও বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সংকট তৈরি করে। এসব অসাধু চক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার আছে। রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না।