মহান মে-দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সোমবার (১ মে) বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনর উদ্যোগে আলোচনা সভা ও লাল পতাকার র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যেগে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এফ.এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি রমজান শেখ, শাহিদা বেগম ও মো: ইমরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবী পরিবার যখন কঠিন দুরাবস্থায় তখন আমরা মে-দিবস উদযাপন করছি। জীবন যাপনের জন্য উপযুক্ত বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ভবিষ্যৎ সঞ্চয় বলতে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা অত্যন্ত নাজুক। এভাবে শ্রমিকদের নব্যদাসে পরিণত করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প ৭৬ ভাগ রপ্তানি আয় করে অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন বিশে^র সর্বনিম্ম পর্যায়ে। শিল্প কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার শক্তভাবে হরণ করা হয়েছে। শ্রমিকরা নির্যাতিত হলেও সংগঠিতভাবে কোন প্রতিবাদ করতে পারে না। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়নি, আগুনে পুড়ে-ভবন ধসে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হচ্ছে। দাবী, অধিকারের কথা বলতে গেলে পুলিশের গুলিতে শ্রমিকরা প্রাণ হারাচ্ছে। এ যেন ১৮৮৬ সালের শিকাগো শহর। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে মালিকেরা শ্রমিকদের সাথে যে আচরণ করেছিল আজ বাংলাদেশের মালিক শ্রেণীও শ্রমিকদের সঙ্গে অনুরুপ আচরণ করে চলছেন। পুজিঁবাদের ধর্ম মানুষের সম্পদ শোষণ ও লুটপাট করে মানুষকে তিলে-তিলে নিঃস্ব করে দেওয়া। স্বাধীনতা পরবর্তী ৫১ বছরে পুজিঁবাদ বা মালিক শ্রেণী তাদের পক্ষের রাজনীতি দিয়ে বাংলাদেশের জমিনে সহজে এই কাজটি করে ফেলেছে। একদিকে হাজার কোটি টাকার মালিক এবং গ্রুপ অব ইন্ডাষ্ট্রি আর অন্যদিকে ৬৮% মানুষ ভূমিহীন এবং ৪ কোটি মানুষ বেকার, শ্রমিকেরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নেতৃবৃন্দ শ্রমিকদের মজুরী নুন্যতম ২৫,০০০ টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের ব্যবস্থার দাবী জানান। সমাবেশ শেষে একটি লাল পতাকা র্যালি নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।