গজারিয়া গুয়াগাছিয়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি প্রতিবেশী এক নারীকে প্রলোভন দেখিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীর দেবর নবীর হোসেন পলাশ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, নজরুল ইসলাম (৪৩) দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। একপর্যায়ে তিনি তার কাছ থেকে দুই ভরি পাঁচ আনা স্বর্ণালংকার এবং বাড়ি নির্মাণের জন্য রাখা ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, ওই নারীর সংসারে নানাভাবে অশান্তি সৃষ্টি করছিলেন তিনি।
অভিযোগকারী পলাশ আরও জানান, গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলামকে এ বিষয়ে জবাবদিহি করতে চাইলে তিনি সহযোগী দুলাল মিয়া, জহুরুল হক, মজিলক,মো:শামীম আব্দুল হক সহ কয়েকজনকে নিয়ে পলাশের বাড়িতে হামলা চালান।
গাছের ডাল ও বাঁশের লাঠি দিয়ে পলাশ ও তার স্বজনদের পিটিয়ে আহত করা হয়। আহতদের পরে স্থানীয়রা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পলাশের দাবি, হামলার পর থেকেই অভিযুক্ত নজরুল ইসলাম ও তার সহযোগীরা উল্টো মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। পাশাপাশি নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ফলে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় বেশ কয়েকজন জানান, নজরুল ইসলাম এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেন না। একাধিকবার সালিশি বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, লিখিত অভিযোগটি হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী হওয়ার কারণে নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিচার পাওয়া যাবে কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ভুক্তভোগী পরিবার এখন পুলিশের তদন্ত ও আইনানুগ পদক্ষেপের অপেক্ষায়।