কিশোরগঞ্জ জেলার ভৈরবে চালককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাজীরটেক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ওই চালকের নাম শরীফ (১৪)। তিনি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। তবে তিনি ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।
পরিবার সুত্রে জানান যায়, নিহত শরীফ প্রতিদিনের মত গতকাল শুক্রবার রাতে বাসা থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার ট্রিপের জন্য রাস্তায় বের হয়। পরে শনিবার ভোর পর্যন্ত তিনি অটোরিকশা নিয়ে বাসায় না ফেরায় স্বজনরা চিন্তিত ছিলেন।
সকাল ৯ টায় লোক মারফত খবর পাওয়া যায় গাজীরটেক এলাকায় এক কিশোরের মরদেহ পড়ে আছে।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শরীফের মরদেহ শনাক্ত করার পর পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন- ভৈরবে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত শরীফ একজন অটোচালক ছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ সদস্য।