ময়মনসিংহের ভালুকায় একদিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খীরু সেতুর নিচে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ৯টার দিকে ভাসমান অজ্ঞাতনামা (৩০) এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। লাশের গায়ে ছিল প্রিন্টের শার্ট এবং পরনে ছিল চেক লুঙ্গি। মুখে হালকা দাঁড়ি। এ ঘটনায় পিবিআই পুলিশের একটি দল লাশের পরিচয় শনাক্ত করার জন্য আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় উদ্ধারে ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এক ঘরের বারান্দায় জহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। জহুরা খাতুন রংপুরের গোলজার হোসেনের স্ত্রী। জহুরা খাতুন তার খালার নামে বরাদ্দকৃত ঘরে বসবাস করে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।
পুলিশের ধারণা, গত বুধবারের যে কোনো এক সময় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে লোমকূপ দিয়ে ঘামের মতো রক্ত ঝরছিল।
এ ঘটনার পর গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন ও ভালুকা মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুরুষ ব্যক্তির লাশ দীর্ঘ সময় পানিতে থাকার কারণে আঙুলের ছাপের অংশ নষ্ট হয়ে যাওয়ায় পিবিআই পুলিশের বিশেষ টিম লাশের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।