গত কিছুদিন নতুন দুটি বিভাগ করা নিয়ে জোর আলোচনা চললেও শেষ পর্যন্ত পদ্মা ও মেঘনা নামে বিভাগ করার প্রস্তাব স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত রোববার প্রশাসনিক পুনর্বিন্যাসক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ প্রস্তাব স্থগিত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এ তথ্য। বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ করার কথা ছিল। অর্থনৈতিক সংকট বিবেচনায় ব্যয় সংকোচনের কারণেই আপাতত নতুন বিভাগ হচ্ছে না বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও নিকারের সদস্য তাজুল ইসলাম বলেন, ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন বিভাগ করার দুটি প্রস্তাব স্থগিত রাখা হয়েছে। এটি এখন অগ্রাধিকারমূলক বিষয় নয়। কারণ, এখন সারা পৃথিবীতে সংকট চলছে। এখন একেকটি বিভাগ করতে গেলে এক হাজার কোটি টাকার বেশি খরচ হবে। তাই এখন এটি স্থগিত রাখা হয়েছে।
নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে (আহ্বায়ক) নিকারের সদস্য হিসেবে থাকেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব।
বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।