অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে গান-বাজনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গান-বাজনা বন্ধের বিষয়ে আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।
আমি এ সংবাদের তীব্র নিন্দা জানাই। আপনারা ইতোমধ্যে দেখেছেন আমার নির্বাচনী (রহমতবাগ) এলাকার মসজিদ কমিটির সভাপতি আবদুস সাত্তার সাহেব আজ থেকে ৩-৪ দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন :৭ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জে আটটি স্থানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু –
ঘটনাটি হলো, সাত্তার সাহেবের পাশের বাড়িতে গাঁয়ে হলুদের অনুষ্ঠানে ডিজে পার্টি চলছিল। তখন আনুমানিক রাত দেড়টা। সাত্তার সাহেব অনুষ্ঠানের আয়োজকদের সাউন্ড (শব্দ) কমিয়ে ডিজে পার্টি করার অনুরোধ করলে, তারা তাকে গালাগাল দেয়। সেটা সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।’
‘তারপর তার পরিবারের সদস্যরা ৯৯৯ কল দিলে পুলিশ এসে তাকে সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ২ দিন পর তার পরিবার ও এলাকাবাসী আমার কাছে আসে। তারা তখন আমাকে বলে, রাত দেড়টায় এখানে ডিজে পার্টি হচ্ছিল এবং সাত্তার সাহেবকে অপমান-অপদস্ত করার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।
আপনি এ ব্যাপারে একটা ব্যবস্থা নেন। তারপর আমি তাদেরকে বললাম, ব্যবস্থা নেয়ার তো আমি কেউ না। আপনারা থানায় মামলা করেন। কিন্তু তারা ভয়ে মামলা করেনি। তারা জানায়, যাদের বাড়িতে ডিজে পার্টি হয়েছিল, তারা স্থানীয় লোক। তাদের বিরুদ্ধে মামলা করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
তারপর তারা বললো, গান-বাজনা-ডিজে পার্টি একটা লিমিটেশনের মাধ্যমে যেন করা হয়। তারপর আমি বললাম, ওসি সাহেবের সাথে কথা না বলে এককভাবে তো সিদ্ধান্ত নিতে পারবো না।পরবর্তীতে আমরা ওসি সাহেবের সাথে কথা বলে, প্রয়োজন হলে ওসি সাহেবকেও সাথে রেখে আমরা এলাকাবাসী মিলে সিদ্ধান্ত নেব।’
গান-বাজনা বন্ধের সিদ্ধান্ত মিথ্যা দাবি করে ভিডিও বার্তায় শাহজালাল বাদল বলেন, ‘গান-বাজনা বন্ধ করার ব্যাপারে যে কথাটি বার বার আসছে, এটা মিথ্যা কথা বলা হচ্ছে।’ ভিডিও বার্তায় গান-বাজনা বন্ধের বিষয়টিকে মিথ্যা বললেও বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদল একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ডিজে পার্টির নামে রাতে এলাকায় উশৃঙ্খল যুবকরা বিভিন্ন দিবসে গান-বাজনা করার কারণে মানুষের ক্ষতি হচ্ছে।
রাতে এই ডিজে পার্টির কারণে বাগবিতণ্ডা থেকে কয়েক দিন আগে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ কারণে আমরা সবাই মিলে গান-বাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি। ওই সভায় পঞ্চায়েত ও মসজিদ কমিটি সমর্থন জানিয়েছে।
এ বিষয়ে আরও দুটি সভা হবে বলেও জানিয়েছেন কাউন্সিলর।’ উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাউন্সিলরের বাদলের উপস্থিতিতে একটি সভায় গান-বাজনা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।