গাজীপুরসহ পাঁচ সিটি নির্বাচনে বিএনপি ‘কোনো কৌশলে’ই অংশ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করবে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শনিবার (২৯ এপ্রিল) শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর দলের এ অবস্থানের কথা জানান তিনি।
তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে, কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে, মেয়র নির্বাচনই বলুন আর কমিশনার নির্বাচনই বলুন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।
‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশেষ করে এ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা ২০১৪ সালেও নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে জোর করে তারা ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি।
সম্প্রতি যে ভোট হয়ে গেল (চট্টগ্রামে উপ-নির্বাচন) সেই ভোটে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। সুতরাং জনগণ বুঝে, গোটা বিশ্ব বুঝে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে না। সে কারণেই আজকে আওয়ামী লীগ এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বিএনপি মহাসচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এই সময়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২১৩ সদস্যের কমিটির অনুমোদন দেয় বিএনপি।