তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর করা এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তুরস্ক-সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যাথী।
তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।
বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকবার্তায় বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন ও তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় সাড়ে ৪০০০। আহত হয়েছে বহু মানুষ।