‘বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আশা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। এরপর বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভবপর নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এলো, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’
আরও পড়ুন:- সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরো বালখিল্য প্রলাপের মতো বলেছেন যে, এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেয়া হোক। মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয় তখন তারা আবোল তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?’
জনপ্রতিনিধিরা আগে টিকা পাবে কি না -এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছে,তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।