পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকাডুবে মনির হোসেন মৃধা (৩৩) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার (০৯ জানুয়ারি) গভীর রাতে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ঢাকা-পায়রা বন্দরগামী ‘অ্যাডভেঞ্চার-১১’ ডবল ডেকার লঞ্চের ধাক্কা দিলে ডুবে যায় নৌকাটি।
নিখোঁজ জেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত সাত্তার মৃধার ছেলে।
নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, তার স্বামী শনিবার রাতে বাড়ি থেকে জাল ফেলতে তেঁতুলিয়া নদীতে যান। পরে রোববার ভোর বেলা খবর আসে লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকাটি ডুবে গেছে। এর পর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মনিরের কোনো খোঁজ পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে নিখোঁজ মনির, রাসেল (২৭) এবং জসিম (২৫) নামের তিন জেলে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলেন।
পরে রাত পৌনে ১টার দিকে ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীর পায়রাবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার-১১ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ওই নৌকাটি ডুবে যায়। এ সময় জসিম ও রাসেল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয় তবে এরপর থেকে জেলে মনিরের কোনো খোঁজ মেলেনি।