কুমিল্লায় বরুড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল হাসেম (৫৫) নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের আরেক নৈশপ্রহরী আহত হন।
গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী ও ওই গ্রামের হাসান আলীর ছেলে।
আরও পড়ুন:- মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি’র অভিযান
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৈশ প্রহরী আবুল হাসেম ওই বাজারে দায়িত্ব পালনকালে একই গ্রামের জনৈক বাবুলের রাইস মিলের সামনে শুক্রবার ভোর রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এসময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে বাবুল ও তার সহযোগীরা নৈশপ্রহরী আবুল হাসেমের সাথে বাকবিতণ্ডা ও মারামারিতে লিপ্ত হয়। এতে তার ডাক চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া তাকে বাঁচাতে ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।