সরকারের সমালোচনা আর রাষ্ট্রদ্রোহিতা এক কথা নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের মোবাইল ফোনে আড়িপাতার সমালোচনা করে বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি। এটি সংবিধানের লঙ্ঘন। কথা বলা, মত প্রকাশের অধিকার সবার জন্মগত অধিকার। বুধবার (৮ ফেব্রুয়ারী) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি এ সময় দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে বলেন, বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছি, আমাদের দেশে ব্যাপকভাবে একটি গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবীর স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে। আর এতে ব্যবহৃত হচ্ছে ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস।
সড়কে দুর্ঘটনার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, অনেক প্রকল্প হচ্ছে, ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বছরের পর বছর প্রকল্প শেষ হচ্ছে না। প্রকল্পের ব্যয় বাড়ছে। আর সড়কে যানজট, দুর্ঘটনা ও মৃত্যু বাড়ছে।