ফরিদপুর জেলার ভাঙ্গা বিশ্ব রোড ও ঢাকা-খুলনা মহাসড়কের মাছকান্দি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) সকাল ও ভোররাতে পৃথক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মাছকান্দি এলাকায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাসেল জানান, রবিবার সকালে ঢাকাগামী একটি হায়েস মাইক্রোবাস-খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের মাছকান্দিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজনের মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে এক শিশুসহ দুজন মারা যায়।
দুর্ঘটনায় মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তবে হতাহতের পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
অপরদিকে জেলার ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
আজ রবিবার ভোর রাতে ভাঙ্গা বিশ্বরোডে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শফিকুল খানের ছেলে সাকিল খান(২২)। সে ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। তবে অপর নিহত ও আহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ ভোরে সাকিল তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে এলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়।
আরও পড়ুন- শাহজাদপুরে ট্রাকচাপায় তিন জনের মৃত্যু
আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।