রাজধানী ঢাকার কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এ সময় ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দসহ আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানান, গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।