প্রথম স্ত্রীর শিশু সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। মো. সিদ্দীক নামে ৩ বছরের ঐ শিশু সন্তান গত বুধবার দুপুর সাড়ে ১২টায় অপহরণ হয় ঢাকার মোহাম্মদপুরের উদ্যান সি ব্লকের ১ নম্বর রোড এলাকা থেকে। এ ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। অপহরণের ১০ দিন পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি অপহৃত শিশুর। তবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। চারপাশের সিসি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করেছি।
শিশুটির মা রুমা বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী মিলে ঢাকা উদ্যানের সি ব্লক এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকি। আমি বাসা বাড়িতে কাজ করি। আমার স্বামী গাড়ি চালায়। গত বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আমার ৯ বছরের মেয়ে ও আমার ৩ বছরের ছেলে সিদ্দীকসহ আরও ১০-১৫ জন শিশু বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। তখন একটি লোক এসে সব শিশুদের চকলেট খাওয়ায়। এ সময় আমার ছেলেকে বাজার থেকে আম কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে যায়। তখন আমার মেয়ে তার পেছন পেছন গেলে আমার মেয়েকে বেশ কয়েকবার ধমক দিয়ে সেখান থেকে চলে আসতে বলে। এক পর্যায়ে আমার মেয়ে বাসায় এসে আমাকে বিস্তারিত জানালে আমি দ্রুত আমার ছেলেকে খুঁজতে বের হয়ে যাই। কিন্তু আমার ছেলেকে গিয়ে আর খুঁজে পাই না। এর আগে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বেশ কয়েকবার হুমকি দিয়ে বলতো, তার সঙ্গে আমার স্বামী না থাকলে সে আমাকে সুখে থাকতে দেবে না। আমার বাচ্চা আমার স্বামীর বুকে কীভাবে ঘুমায় সে দেখে নেবে। আমার মনে হয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীই আমার ছেলেকে অপহরণ করেছে।
শিশুটির বাবা দেলোয়ার হোসেন জানান, আমার ছেলেকে কোলে করে নেওয়ার একটা ভিডিও পুলিশ উদ্ধার করেছে। ভিডিওতে স্পষ্ট ওই লোকের চেহারা দেখা যায়। আমার ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছে। ১০ হয়ে গেলেও আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না।