নারায়ণগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্স অভ্যন্তরে দলিল লেখকদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সভা করেছে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার দলিল লেখকরা। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে তারা এ বিক্ষোভ সভা পালন করে নারায়ণগঞ্জ সদর সাব রেজিষ্ট্রি অফিসে। রেজিষ্ট্রি অফিস অভ্যন্তরের দলিল লেখকদের অফিস কার্যালয় তিন মাসপূর্বে পানি উন্নয়নবোর্ড ভেঙ্গে দেয় তাদের জায়গায় দলিল লেখকদের অফিস হওয়ায়। সেই থেকে দলিল লেখকরা দলিল সম্পাদন করতে গিয়ে নানা ভোগন্তির মধ্যদিয়ে দলিল রেজিষ্ট্রি করে আসছিলো। রেজিষ্ট্রি অফিস অভ্যন্তরে দলিল লেখকদের বসারস্থান (অফিস) না দেওয়ায় তারা গত তিনমাস সংশ্লিষ্টকর্তৃপক্ষের বরাবরে লিখিত ও মৌখিক আবেদন করেও কোন বসারস্থান না হওয়ায় তারা মঙ্গলবার এ বিক্ষোভ সভা পালন করে।

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, সরকারের রাজস্ব আদায়ের আমরা ব্যাপক ভূমিকা রাখি। অথচ আমাদের বসার জন্য কর্তৃপক্ষ কোন ব্যবস্থা করেনি। এর আগে আমরা কলম বিরতি দিলে একমাস সময় চেয়ে আইজিআর (মহাপরিদর্শক নিবন্ধন) শহীদুল আলম ঝিনুক আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তিনি আমাদের পুনর্বাসনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কঠোর কর্মসূচী পালন করবো।
বিক্ষোভ সভায় জানানো হয়, দাবী আদায় না হওয়া পর্যন্ত ১০ অক্টোবর থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দলিল লেখকরা কালো ব্যাজ ধারন এবং দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কমপ্লেক্স প্রাঙ্গনে শান্তিপূর্ন মিছিল, আগামী ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করবে। এছাড়া ১৩ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জের সংযোগ সড়কে মানববন্ধন, ১৪ অক্টোবর দলিল লেখক ও সহকারীরা শান্তিপূর্ন মিছিল নিয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারক লিপি প্রদান করবে।
পুর্নবাসন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক মোঃ কলিমুল্যাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন, সদস্য সচিব মুহম্মদ জালাল হোসেন সহ নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও তল্লশীকারক সমিতির নেতৃবৃন্দগণ।