নিখোঁজের দুই দিন পর মৌসুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীপাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের মানিক হাওলাদারের মেয়ে ও একই ইউনিয়নের বড়কান্দি এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী। তার ৫ ও ৪ বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকালে বাবার বাড়ি থানাধীন উত্তর দুধখালী থেকে একই গ্রামে নিহতের বাবার পুরোনো বাড়িতে দাদির সাথে দেখা করার জন্য যান। কিন্তু দাদির সঙ্গে দেখা করে আর বাড়িতে ফিরে আসেননি। পরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজখুঁজি শুরু করে। ঘটনার দুই দিন পরে শুক্রবার বিকালে স্থানীয় এক নারী নদীপাড়ের বাগানে কাঠ কুড়াতে গেলে তার লাশ গলায় দড়ি পেঁচানো অবস্থায় ভাঙ্গা গাছের ডালের সঙ্গে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।
এদিকে স্বজনদের দাবি, ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে মৌসুমিকে। এ ঘটনায় তারা জড়িতদের শাস্তির দাবি করেন।