নারায়ণগঞ্জে ৩ হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১১’র দুটি আভিযানিক দল রোববার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এবং সকাল ২৪ মে (সোমবার) সকাল সাড়ে ৫ টায় ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ জাকির হোসেন (৩৫)।
আরো পড়ুন: নারায়ণগঞ্জের কার্গো ট্রাকে মিলল ২৯ হাজার ইয়াবা
সোমবার (২৪ মে) দুপুর আড়াইটায় র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ওই ডিপো থেকে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় যায়। কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি করে।
এদিকে গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।#