নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তানবির আহমেদ সরকার (৩৬) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় তার কাছ থেকে তার স্বাক্ষর করা ২ টি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়।
বুধবার (২০ অক্টোবর) বিকালে র্যাব-১১’র উপ-অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বিভিন্ন প্রকার টেষ্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় তাকে গ্রেফতার করা হয়। ভুয়া ডাক্তার মোঃ তানবির আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার মোঃ আব্দুল মতিন সরকার এর ছেলে।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিষ্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল।
তিনি আরও জানান, নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। সে নিজেকে সনোলজিষ্ট হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে মূলত রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।