নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আদমজী কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাকু ও ছোরা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার রবিউলের ছেলে ফয়সাল (১৬), একই এলাকার মোঃ আব্বাসের ছেলে রিফাত (১৬), হোসেনের ছেলে আবির (১৬), কুমিল্লা জেলার মকবুল হোসেনের ছেলে সিফাত (১৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। এছাড়া এরা চুরি ছিনতাইয়ের মতো অপরাধও করে থাকে। তারা কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।