নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে অপহরণ করার অভিযোগে মো. ইমরান(২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (২০ সেপ্টেম্বর)দিনগত মধ্যে রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাড়ার আল-আমীন নগর এলাকার সাদু মিয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এর আগে গত ৬ সেপ্টেম্বর দিনমজুর মোঃ হানিফের স্ত্রী বাদী হয়ে রিপন(৩৫) ও ইমরান(২০) সহ ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট হানিফকে অপহরণ করে বিবাদীরা তার স্ত্রীর নিকট ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে হানিফকে ফিরিয়ে দিবে না বলে জানায় আসামিরা।পরের দিন আসামিরা হানিফের স্ত্রীকে জানায় তার স্বামী পালিয়ে গেছে। কিন্তু এখনো হানিফ তার পরিবারের নিকট ফিরেনি।
একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাড়া আল-আমীন নগরের একটি চায়ের দোকান থেকে দিনমজুর মো. হানিফকে তুলে নিয়ে যায় আসামিরা।