নারায়ণগঞ্জে তিন কোটি টাকা মূল্যের এক কেজি ছয়শ’ গ্রাম ওজনের হেরোইনসহ মাসুম সরকার (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃত মাসুম সরকারের বাড়ি কুমিল্লা জেলার হোমনার ভবানীপুরে। রাজধানীর রামুপুরার হাজীপাড়া এলাকার একটি ভাড়াবাসাতে থাকতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে অবস্থান নেয় ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বন্ধু পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মাসুমকে। ওই তরুণ ১৬টি প্যাকেটে মোড়ানো ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন বহন করছিল। এই পরিমাণ হেরোইনের বাজারমূল্য অন্তত তিন কোটি বিশ লাখ টাকা। হেরোইনের এ চালানটি কোথা থেকে এসেছে এবং এ চোরাচালানের সাথে কারা জড়িত সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান পুলিশ সুপার। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।