টাঙ্গাইল জেলার নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— উপজেলার চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দুই চাচাতো ভাই রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়।
খেলার সময় সবার অগোচরে রহমান ও তালহাজ পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করতে যায়।
আরও পড়ুন- পাবনায় খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
পরে তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রিয়া মণ্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।