আঁচলে বাঁধা দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের কাসুয়াডাঙ্গা গ্রামের তীরনই নদী থেকে লাশ ৩ টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কাসুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা খাতুন (৩০), শিশুসন্তান শাওন (৮) ও সাফাত (৪)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে তারা নিখোঁজ ছিলেন বলে পুলিশকে জানিয়ছেন এলাকাবাসী।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুই সন্তানসহ নাসিমা তীরনই নদীর ধারে ছাগল চড়াতে যান। দুপুরে তারা নদীতে গোসল করেছেন। সন্ধ্যার পর তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নাসিমার শ্বশুর সামসুল হক তীরনই নদীর ধারে নাসিমাসহ তার দুই শিশুসন্তানের মরদেহ নদীর বালুর মধ্যে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। এ সময় নাসিমার শাড়ির আঁচল দিয়ে দুই শিশুসন্তানের শরীর বাঁধা ছিল।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুল-আমুল ইসলাম মণ্ডল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।