ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ঘরের সামনে থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুহেল। তিনি মোগলটুলা এলাকার লিয়াকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোগলটুলা গ্রামের রুহেল ফেরিওয়ালার ব্যবসা করতেন। তার সঙ্গে একই বাড়িতে বসবাস করা আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুন- বউ-শাশুড়ি দ্বন্দ্ব, পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে দিলো ছেলে
আরও জানা যায়, পরে সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন সকালের বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় মারা যান তিনি।
এ বিষয়ে সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার জানান, অভিযুক্ত কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে।