রাজধানীর দক্ষিণখানে ইয়াবা ও নারীসহ তিনজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কালে তাঁদের কাছ থেকে আট হাজার ইয়াবা জব্দ করা হয়। দক্ষিণখানের কাওলার শিয়ালডাঙ্গা এলাকার ৯৯/১ নম্বর বাসা থেকে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রেহানা আক্তার সাথী (২৮), আব্দুর রহমান রাব্বি (২২) ও সুমন মিয়া (২৫)।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কাওলার শিয়ালডাঙ্গা এলাকা থেকে আট হাজার ইয়াবা তিনজন চিহ্নিত মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন স্থানে মাদক চোরাকারবার করে আসছিল।
ওসি বলেন, গ্রেফতারকৃতরা সবাই কাওলার জামতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক চোরাকারবার করে আসছিলেন। তাঁদের সবার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
দক্ষিণখান থানায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।