ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো আজ সারাদেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৭ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সহ আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রতিমন্ত্রী পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এরপর পলকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে পুনরায় দক্ষিন প্লাজায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। রং বেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ড সহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি- বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি মিশন সমূহ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।