ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, নাম ও আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন যে সাইবার নিরাপত্তা আইন করা হবে সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। থাকছে জরিমানার বিধান। সোমবার (৭ আগষ্ট) মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে সাইবার নিরাপত্তা আইনে প্রতিস্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে এসে ব্রিফ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমি পরিস্কার করে বলছি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন আনা হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।
আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগ কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।
দেওয়ানি মামলায় যেভাবে জরিমানার বিষয়গুলো আছে, সেভাবেই সাংবাদিকতার ক্ষেত্রে বিষয়গুলো থাকবে বলেও জানান আইনমন্ত্রী।
প্রসঙ্গত, দেশে বিরোধিতার মুখে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করে সরকার। এরপর থেকে ভিন্নমত দমনে প্রায়ই এ আইন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশে আইনটি বাতিল অথবা সংশোধনের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আইনটি পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করা হবে।