কক্সবাজার জেলার টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮৯ হাজার পিস ইয়াবাসহ নুর সেতারা (২১) নামের এক গৃহবধূকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১৫।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫’র সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন- নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে র্যাব-১৫’র একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার শাহাদাত হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারাকে বস্তাসহ আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি খুলে ৮৯হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক গৃহবধূকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।