কক্সবাজার জেলার টেকনাফে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার পালংগার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম এহসানুল হক মিসেল (২০)। সে উখিয়ার তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে সেখান থেকে গুরুতর মিসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ হোসাইন বলেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার খবর শুনেছি; বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।