সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
গত বুধবার (২০ জানুয়ারি) অনায়াস জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। আজ তামিম বাহিনী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
বাংলাদেশ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছিল। উইন্ডিজদের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ সুযোগ টানা তৃতীয় সিরিজ জয়ের তথা হ্যাটট্রিক পূর্ণ করার। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিরুদ্ধে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
আরও পড়ুন- এডিস মশার মত কিউলেক্সসহ অন্যান্য মশা নিধনের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
এদিকে প্রায় ১০ মাস পর ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনে নামার আগে গতকাল বিশ্রামে ছিলেন বেশির ভাগ ক্রিকেটার। ঐচ্ছিক হলেও অনুশীলনে এসেছিলেন তামিম, সাকিব, মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটাররা।
গতকাল বিসিবি সূত্র জানিয়েছে, আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ধরে রেখেই নামার কথা টাইগারদের।
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’
বাংলাদেশ একাদশঃ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ-
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেজর্ন ওটলি, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রেমন রেফার।