গাজীপুরের টঙ্গীতে বিকাশের কর্মী আরিফ হোসেন (৩৫) কে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) টঙ্গীর আনারকলি রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের কর্মচারী আরিফ হোসেন টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এসময় আহত সহকারীর নাম আজাদ। তিনি একই এলাকার বাসিন্দা। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আরিফ তিনি তার সহকারী আজাদকে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশের দোকান থেকে এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা তোলে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮নং মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে আসেন। সেখানে আসা মাত্রই আগে থেকে উঁৎপেতে থাকা ছিনতাইকারীর প্রথমে আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভুক্তভোগীর ডান পাশে বুকের নিচে গুলি লাগে এবং বাম পাশে বুকে গুলির স্লিপ করা দাগ সৃষ্টি হয়। একই সময়ে, সন্ত্রাসীরা ভুক্তভোগীর সহকারী আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে তারা দুজন গুরুতর আহত হলে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা উক্ত টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন আরিফ হোসেন ও আজাদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী সরকারি হাসপাতালের সহকারী সার্জন ডা. মোসা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আহতকে রক্তক্ষরণ বন্ধ করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।