গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের করতোয়া নদীর গভীর খাদে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া খেয়াঘাটের পশ্চিমপার্শ্বে ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধার নাম সোনাভান। তিনি ওই ইউনিয়নের মথুরাপুর হঠাৎপাড়া গ্রামের মৃত নোইরা শেখের স্ত্রী।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃদ্ধার ছেলে গোলাম রসুল জানান, বৃহস্পতিবার সকালে তার মা সোনাভান মথুরাপুরের নিজ বাড়ী হতে পাশের গ্রাম জামালপুরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে করতোয়া নদীর পাড় ধরে রওনা দেন। কিন্তু শুষ্ক মৌসুম হওয়ায় নদী শুষ্ক থাকায় খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। সোনাভান নদীর পাড় ধরে পায়ে হেঁটে মেয়ের বাড়ীতে যাওয়ার চেষ্টা কালে বালু তোলা গর্তে ধসে পড়লে পানিতে ডুবে যায়। এতে তার নাকে মুখে বালু এবং পানি প্রবেশ করার ফলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন বালুদস্যু অবৈধভাবে নদী থেকে স্যালোমেশিন দিয়ে বালু তুলে বিক্রি করার কারণে নদীর কয়েকটি জায়গায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। সেই খাদে পড়েই প্রাণ হারাল বৃদ্ধা সোনাভান।