গাজীপুর মহানগর আ.লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মহানগর আওয়ামী লীগের নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন শনিবার বেলা ১১টার দিকে শুরু হয়।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই করেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যেখানে সভাপতি পদে নাম ঘোষণা করা হয় অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের। যিনি পুননির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় আতাউল্লাহ মন্ডলের। যিনি বিগত দিনে ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকালে নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব ছিলো। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি-শার্ট আর ক্যাপ পরে আসেন।
সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।