বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন, বেটার আছেন। উনার যে সমস্যাগুলো আগে ছিলো সেগুলো এখন আর নেই। সি ফিল বেটার আরকি।’
অসুস্থ হয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে দেখতে রোববার (২৫ জুন) রাতে গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জুন) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার কথা জানান তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘কিছুটা ভালো’ হলেও অসুস্থতার ‘ঝুঁকি’ আছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, উনার (খালেদা জিয়া) মূল প্রভলেমগুলোর সলভ হওয়ার সম্ভাবনা নাই। কারণ উনার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থাইটিস আছে, হার্টের প্রভলেম আছ। এগুলোর জন্যে তার বার বার ডাক্তার সাহেবরা বলেছেন, মেডিকেল বোর্ড বলছেন, বাইরের বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করার প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সেজন্য যেটা আমরা বলি উনার রিস্ক (ঝুঁকি) থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।